আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কঠিন এক পরীক্ষার মুখে পড়তে হবে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে এতে কোনো সন্দেহ নেই। কারণ বৈশ্বিক এই টুর্নামেন্টে টাইগারদের গ্রুপ পর্বে লড়তে হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো পরাশক্তি দলের বিপক্ষে।

কিছুদিন আগে অধিনায়ক মাশরাফি নিজেও বলেছিলেন, ‘আমরা যে গ্রুপে পড়েছি, সেটা বলতে গেলে “গ্রুপ অব ডেথ”। বিশ্বের বড় তিনটি দলের বিপক্ষে একই গ্রুপে খেলতে হবে আমাদের।’

এবার টাইগার অধিনায়কের কথাকে সমর্থন দিলেন একটা সময় জাতীয় দলের হয়ে মাঠ মাতানো ওপেনার শাহরিয়ার নাফিস। অবশ্য ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার মনে করেন কঠিন গ্রুপে পরলেও নিজেদের সেরাটা দিতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চমক দেখাতে সক্ষম হবে বাংলাদেশ।

রবিবার গণমাধ্যমে নাফিস এই প্রসঙ্গে বলছিলেন, ‘আমাদের বাস্তবতা বুঝতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের গ্রুপে রয়েছে তিন কঠিন প্রতিপক্ষ। বিশেষ করে, এই তিন দলই ইংলিশ কন্ডিশনে ভালো খেলে থাকে। আর সেই ইংল্যান্ডেই হচ্ছে টুর্নামেন্ট।’

বর্তমানে ক্রিকেটে স্বর্ণালি সময় পার করছে বাংলাদেশ। ব্যাট হাতে রানের মধ্যেই আছেন দলের বেশিরভাগ ব্যাটসম্যানেরা। আর এই কারণেই টাইগাররা পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে মাঠে নামবে বলে ধারণা নাফিসের।

‘সম্প্রতি ফর্মে আছে বাংলাদেশ। ব্যাটসম্যানরা রান পাচ্ছে। সাম্প্রতিক ফর্ম বলছে, বাংলাদেশ দল দারুণ আত্মবিশ্বাসী। আমি বিশ্বাস করি, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে চমকে দেবে বাংলাদেশ,’ বলেন এই টাইগার ওপেনার।

উল্লেখ্য, ১লা জুন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৫ই জুন একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগার বাহিনী। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ই জুন কার্ডিফে মাঠে নামবে তাঁরা।

Leave a Reply

Your email address will not be published.