
দীর্ঘদিন ধরেই চলছে নানা শঙ্কার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফর। সূচি প্রকাশ হলেও পরিবর্তন হয়েছে কয়েক দফা।
২০০৬ সালের পর কোনো টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেনি অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল তারা।
২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল স্টিভেন স্মিথের দলের। নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে সফর স্থগিত করে দেশটি। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও আসেনি তারা।
নিরাপত্তার অযুহাত দেখিয়ে গত বছরের শুরুতে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া।
তবে এবার দুই টেস্ট খেলতে ১৮ আগস্ট ঢাকায় পৌঁছার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ২২-২৪ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
আয়োজনের পথ এবার অনেকটাই খোলাসা হয়েছে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়েছে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল।
