গত শুক্রবার থেকে শুরু হয়েছে ১৪ জন পেসারকে নিয়ে বিশেষ ক্যাম্প। আজকে এই ক্যাম্পের তৃতীয় দিনের কাজ চলছে। আজ বলিং ক্যাম্পের নানান বিষয় নিয়ে কথা বললেন পেসার আবু হায়দার রনি। স্যুয়িং, ইয়র্কার, ব্লক হোলের প্রয়োগ, একুরেসি এসব বিষয় নিয়ে কাজ করছেন তারা।

এই ধরনের বলিং ক্যাম্প পেসারদের উন্নয়নের জন্য আসলেই জরুরি। বলতে গেলে মাশরাফির পর এই মানের আর কোনো পেসার বাংলাদেশ পায়নি। এ বিষয়ে পেসার আবু হায়দার রনিকে প্রশ্ন করা হয়, মাশরাফির পরে ভালো পেসার নাই, এটা শুনতে হতাশ লাগে কিনা? জবাবে তরুণ এই পেসার আবু হায়দার রনি বলেন, ‘মাশরাফি ভাই তো অনেকদিন ধরে খেলতেছেন। আমাদের সবার আইডল তিনি। অনেক অভিজ্ঞ। আর মাশরাফি ভাই তো একদিনে হন নাই, অনেকদিন খেলার পর হয়েছেন। আমরা ডে বাই ডে ভালো খেলতে খেলতে ফিউচারে ভালো করব।’

আবু হায়দার রনি তার নিজের সমস্যা নিয়েও কাজ করছেন। নতুন বলে স্যুয়িং নিয়ে কাজ করছেন। দলে সুযোগ পাওয়ার বিষয়টা টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়েছেন, ‘নতুন বলে স্যুয়িং নিয়ে কাজ করছি। ডেথ ওভারের। আর সুযোগ পাওয়া হচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছে। উনারাই ভাল জানেন। আমি আমার কাজ করে যাব।’