
চলতি মৌসুমের শুরুটা ভাল ছিল না রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। ফর্ম না থাকায় তার দল কোপা ডেল রে থেকে ছিটকে পড়ে। এক ম্যাচ কম খেলে লা লিগায় শীর্ষস্থানীয় বার্সেলোনার চেয়ে রয়েছে ১৭ পয়েন্ট পিছিয়ে, যা নাগালের বাইরেই বলা যায়।
তবে এরই মধ্যে ফর্মে ফিরেছেন রিয়ালের প্রধান তারকা রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার বিগত কয়েক ম্যাচে ধারাবাহিকভাবে গোল পেয়েছেন তিনি।
চলতি মৌসুমের শুরুতে গোলের সংখ্যায় বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চেয়ে পিছিয়ে থাকলেও বর্তমানে গোল অনুপাতে আবারও শীর্ষে উঠেছেন সিআর-সেভেন। বর্তমানে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচে তার গোল সংখ্যা ২৫। ম্যাচ প্রতি গড়ে ০.৮৬ গোল।অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে মেসির গোল ২৭টি। ম্যাচ যার গড় দাঁড়ায় ০.৭১।
মৌসুমের শুরুতে গোল খরায় ভুগেছেন রোনালদো। লা লিগার প্রথম ১৪ ম্যাচে তিনি গোল পেয়েছেন মাত্র ৪টি। তবে শেষ পাঁচ ম্যাচে তিনি পেয়েছেন ৭ গোল। লা লিগায় রোনালদোর মোট গোল ১২। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও তিনি স্বরূপে ফিরেছেন। ৭ ম্যাচে তিনি গোল পেয়েছেন ১১টি।
লা লিগায় বর্তমানে মেসির গোল সংখ্যা ২৪ ম্যাচে ২০টি। চ্যাম্পিয়ন্স লিগে তিনি পেয়েছেন মাত্র ৩টি গোল।
সূত্র: ডেইলি মেইল অনলাইন
