
মানবিকতার পরিচয় দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াররা। চলতি এশিয়ান গেমসে নিজেদের ম্যাচ ফি’র পুরো টাকা দান করেছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও পালেমব্যাং শহরে চলছে এশিয়ান গেমসের এই আসর। এই আসরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল স্বাগতিকদের কাছে প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছে। ওই ম্যাচের ম্যাচ ফি’র পুরো টাকা দান করে দিয়েছে বাংলাদেশ দল।
দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ লমবকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত মাসের ২৯ জুলাই ৬.৪ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ওই অঞ্চল। ক্ষতিগ্রস্তদের জন্য নিজেদের ম্যাচ ফির পুরো টাকা দান করলেন দলের সকল খেলোয়ার। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দলের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা অ্যালিয়েন নামের যে হোটেলে অবস্থান করছি তার পাশেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া একটি সংস্থা আছে। তাদের কাছেই বিকেলে আমরা ম্যাচ ফি’র অর্থ তুলে দিয়েছি।’
