
রাশিয়া বিশ্বকাপ খেলে গতকাল (শুক্রবার) নিজ দেশে গেলেন দক্ষিণ কোরিয়া ফুটবল দল। বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে পরাজিত হলেও নিজেদের শেষ ম্যাচে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে পরাজিত করে বীরের মতই দেশে ফিরেছে সনরা। অথচ তাদের কিনা বরণ করা হয়েছে ডিম ছুঁড়ে!
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে সব ম্যাচে পরাজিত হয়ে দেশে ফিরেছিল দক্ষিণ কোরিয়া ফুটবল টিম। তখন তাদের টফি (মিষ্টি জাতীয় খাবার) ছুঁড়ে বরণ করা হয়, যেট দক্ষিণ কোরিয়ার রীতিতে অপমানজনক।
এবার তেমনটি হওয়ার কারণ ছিল না। কারণ প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে বিশ্বচাম্পিয়ন জার্মানির বিপক্ষে জয় পায় দক্ষিণ কোরিয়া। তাদের স্বাগতম জানাতে ইনচন বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রায় পাঁচ শতাধিক সমর্থক, তাদের হাতে ছিল ফুল। সমর্থকদের বেশিরভাগই তাদের পছন্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে সময়টা উপভোগ করেছেন।
তবে সংবাদ সম্মেলনের সময় হঠাৎ করেই কোথা যেন ছুটে আসে দুই-তিনটি ডিম। তার ভিতর একটি তো দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন ইয়ং মিনের মাথাতেই লাগতে বসেছিল। কেউ কেউ আবার টফি আকৃতির কুশনও ছুঁড়ে মেরেছেন। কোচসহ খেলোয়াড়রা তখন ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন।
