রাশিয়া বিশ্বকাপে রাশিয়ার সবকটি স্টেডিয়াম সেজেছে নিজস্ব রঙয়ে। রাশিয়ার ১২টি স্টেডিয়ামে হচ্ছে বিশ্বকাপের ম্যাচ গুলো। তার মধ্যে রয়েছে কাজান অ্যারেনা নামে একটি স্টেডিয়াম। এই স্টেডিয়ামে উন্মাদনা আর হাসি-কান্নার সাক্ষী হচ্ছে যেন একটু বেশি করেই। ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির মতো জায়ান্ট সব দলের তারকা খেলোয়াড়দের চোখের পানি ঝরছে এই স্টেডিয়ামে।

শুক্রবার রাতে কাজান অ্যারেনায় বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলকে ১-২ গোলে পরাজিত করে ষষ্ঠ শিরোপার জয়ের স্বপ্ন ভেঙ্গে দেয় বেলজিয়াম। ১৯৮৬ সালের বিশ্বকাপের পর প্রথমবার সেমিতে উঠলো বেলজিয়াম দল। বেলজিয়াম দল যখন উল্লাসে মত্ত, ব্রাজিল খেলোয়াড়রা তখন জার্সি টেনে নিচ্ছেন চোখ মুছতে!

গত কিছুদিন আগে একই দৃশ্য দেখা গেছে আর্জেন্টিনা-জার্মানির খেলোয়াড়ের ক্ষেত্রেও। মেসি-মুলারদেরও বেদনার স্মৃতি দিয়েছে এই কাজানই! যেন বড় দলগুলোর জন্য ঝুলিতে কিছু রাখেনি ভেন্যুটি!

গ্রুপপর্বে যখন গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির জয় ছাড়া আর কোন পথ খোলা নেই, ঠিক তখনি সাউথ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মুলারদের দল। আর শেষ ষোলোতে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে মেসিদের আর্জেন্টিনারও বিদায় নেয় রি কাজান থেকেই।

শিরোপা প্রত্যাশী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও সেখানেই অপেক্ষা বাড়াল আরেকটি শিরোপার। ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির পরিণতি যেখানে একসূত্রে গাঁথা, সেই কাজানকে তো ভুলতেই চাইবেন সমর্থকরা, হয়ত দলগুলোও।