নিজেদের সপ্তম ম্যাচে শনিবার রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের দল মাঠে নামবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ম্যাচটি অনুষ্ঠিত হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। গত আসরের শিরোপা জয়ের রোমাঞ্চ নিয়েও চলতি আসরে খুব একটা ভালো করতে পারছে না মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স।

এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে দলটি জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। এতে পয়েন্ট টেবিলে দলটির অবস্থান সবার তলানিতে। অন্যদিকে এই ম্যাচের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস বর্তমানে রয়েছে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে। মুম্বাইয়ের সমানসংখ্যক ম্যাচ খেলে চেন্নাই হেরেছে মাত্র একটিতে, জিতেছে পাঁচটি ম্যাচই।

আসরের উদ্বোধনী ম্যাচেও পরস্পরের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ ম্যাচে শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের করা ওভারে জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই।

এবারের আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচেই খেলেছেন মুস্তাফিজ, তাতে তার শিকার করা উইকেটের সংখ্যা সাতটি।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-

মুম্বাই ইন্ডিয়ান্স: সূর্যকুমার যাদব, এভিন লুইস, ইশান কিষাণ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ক্রুনাল পাণ্ড্য, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ড্য, মিচেল ম্যাকক্লেনাগান, মায়াঙ্ক মারাকান্দে, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান।

চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, আম্বাতি রায়ুডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্যাম বিলিংস, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, দীপক চাহার, শার্দূল ঠাকুর, ইমরান তাহির।