
আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি বার্সেলোনার হয়ে সব জিতেছেন। নিজ দেশের হয়ে যুব বিশ্বকাপ ছাড়া আর কিছুই জিততে পারেনি।
এখনো নিজ ভূমির হয়ে স্বপ্নের বিশ্বকাপ অধরা রয়ে গেছে মেসির। একক নৈপুণ্যে গেলো বিশ্বকাপে সোনার ট্রফিটা প্রায় ছুঁয়েই ফেলছিলেন তিনি।
তবে ফাইনাল ম্যাচে জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরে স্বপ্ন ভেঙ্গে যায় মেসির। এবার আর সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। রাশিয়া বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ করতে চান লিওনেল।
রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো প্রায় ৬ মাস বাকি। এরই মধ্যে দল নিয়ে কাজ শুরু করেছে আর্জেন্টিনা। সেখানে মেসির মতামতকে প্রাধান্য দেয়া হচ্ছে।
ময়দানি লড়াই শুরুর আগেই ভারসাম্যপূর্ণ দল চায় আলবিসেলেস্তেরা। মেসি বলছেন, ‘আমরা একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে ২০১৮ বিশ্বকাপে যাত্রা শুরু করতে চাই। ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি।
এর মধ্যেই আমরা সুসংঘবদ্ধ একটি দল পেয়ে যাব। দল গঠনে কাজ চলছে। দলে ব্যাপক পরিবর্তন আসছে।’ ফিফা ডটকমকে পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, ‘বিশ্বকাপ মাথায় রেখে আমাদের দল গোছানো হচ্ছে।
দল নিয়ে আমরা চিন্তামুক্ত থাকতে চাই। দুঃশ্চিন্তা নিয়ে বিশ্ব মঞ্চে উঠতে চাই না। জেনে রাখুন, জাতীয় দলে ব্যাপক পরিবর্তন আসছে।’ আর্জেন্টিনার হয়ে ১২৩টি ম্যাচ খেলেছেন মেসি। সব মিলিয়ে করেছেন ৬১ গোল। দেশটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
