
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেষ্ট ম্যাচে ব্যাটিংয়ের সময় হাতের আঙ্গুলে আঘাত পেয়েছিলেন স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার পর এক্স-রে করা হয়। তবে, এক্স-রে রিপোর্টে ভয়ের কিছু পাওয়া যায়নি। যার ফলে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি নিতে কোন সমস্যা হবেনা মিরাজের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান মেডিকেল অফিসার দেবাশীষ চৌধুরি মিরাজের ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন।
তিনি জানান, ‘মিরাজের এক্স-রে রিপোর্ট আমাদের হাতে এসেছে। সেখানে খারাপ কিছু দেখা যায়নি। কয়েকদিনের বিশ্রামেই সে পুরোপুরি সেরে উঠবে। আসন্ন সিরিজের আগেই নিজেকে প্রস্তুত করতে মিরাজের কোনো সমস্যাই হবে না।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামলে অজি পেসার প্যাট কামিন্সের একটি ডেলিভারি মিরাজের হাতের আঙ্গুলে আঘাত করে। নিজের মোকাবেলা করা বলটি তার আঙ্গুলে আঘাত করলেও ব্যাটিং চালিয়ে যান মিরাজ। এরপর আরও ৪৫টি বল খেলেন। ৫৪ বল মোকাবেলা করে ১৪ রানে অপরাজিত থাকেন মিরাজ। এর পর, বল হাতে আর মাঠে দেখা যায়নি টাইগারদের উঠতি এই তারকাকে।
অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতে না হতেই টাইগারদের ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে। এ মাসের ২৮ তারিখ থেকে অনুষ্ঠেয় টেস্ট সিরিজ খেলতে ১৬ তারিখ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বে মুশফিকুর রহিম ও তার দল। দলের সঙ্গে থাকছেন মিরাজ।
