
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মুস্তাফিজের শুরুটা ভালো হলো না। ৩.৫ ওভার বল করে ৩৯ রান খরচ করে শিকার করেছে ১ উইকেট। তার ওভারে ৬টি চার ও ১টি ছক্কা হজম করতে হয়েছে তাকে। তবে ১৬৫ রানের পুঁজি নিয়ে মুম্বাই ইন্ডয়ান্স একটা সময় জয়ের পথেই ছিল। কিন্তু শেষ দিকে ডোয়াইন ব্রাভোর ঝড়ো ব্যাটিংয়ে এলোমেলো হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই শিবির।
ব্যাক্তিগত প্রথম ওভারে মুস্তাফিজ দিয়েছিলেন ৯ রান। ১২তম ওভারে বল করতে এসে ৮ রানে নেন রবীন্দ্র জাদেজার মূল্যবান উইকেট। পরের ওভারে খরচ করেন আরো ১৩ রান। ৩ ওভারে ২৯ রান খরচ করে মোটামুটি অন্যদের থেকে ভালোই বোলিং করেছিলেন। তাই অধিনায়ক তার জন্য শেষ ওভার রেখে দিয়েছিলেন। কিন্তু বুমরাহ ও ম্যাকক্লেনাঘানের বাজে বোলিংয়ে শেষ ওভার কোনো কাজে আসেনি!
চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য শেষ ওভারে প্রয়জন ৭ রান। ১৯ ওভারে ২০ রান দিয়ে চেন্নাইকে ম্যাচটা প্রায় উপহার দিয়ে এসেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রিত বুমরাহ।যার কারণে শেষ ওভারে চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি ফিজ।
ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এই মুহূর্তে খুব খারাপ লাগছে। ব্রাভোকে আমাদের কৃতিত্ব দিতে হবে। আমরা ইয়র্কার দিতে চেষ্টা করেছি কিন্তু বোলাররা(মোস্তাফিজরা) পারেনি। আমাদের আরও ভালো করতে হবে। ম্যাচের ১৭ ওভার পর্যন্ত খেলা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। যাই হোক, ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখলাম। এছাড়া শিশির পড়ার পর থেকেই বোলারদের জন্য বল করা কঠিন ছিল।’
