
রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার জন্য নেইমারকে দায়ী করলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো। কোয়াটার ফাইনালে বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ মিশন শেষ করে ব্রাজিল।
চলতি রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের পারফর্মেন্স খুশি হতে পারেনি ব্রাজিলের সাবেক খেলোয়ার রোনালদোর। পাশাপাশি দলের সেরা তারকা নেইমারের সমালোচনাও করেছেন সাবেক এই তারকা।
দেশীয় এক টিভি চ্যানেলে তিনি বলেন, ব্রাজিলের বড় ও একমাত্র তারকা ছিল নেইমার। তার উপর দলের সাফল্য নির্ভর করছিল। কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি নেইমার। তাই ব্রাজিলকেও বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হল।
ব্রাজিলের হয়ে চার বার বিশ্বকাপ মাতিয়ে ছেন এই তারোকা। তারমধ্যে দু’বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচে মাঠে নেমে করেছেন ৬২ গোল। আর তাই ব্রাজিল ফুটবলের কিংবদন্তি বলা হয় রোনালদোকে। চলতি বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখে মন ভরাতে পারেনি। ব্রাজিল ভালো করতে না পারার জন্য নেইমারকেই দায়ী করছে রোনালদো।
তিনি বলেন, নেইমারের কাছ থেকে আমাদের প্রত্যাশা আরও অনেক বেশি ছিল। কিন্তু সে আমাদের হতাশ করেছে। কোয়ার্টার ফাইনালে উঠলেও কোন ম্যাচের পারফরমেন্স ভালো ছিল না ব্রাজিলের।
ইনজুরি থেকে ফিরেই ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেন নেইমার। বিশ্বকাপে পাঁচটি ম্যাচে মাঠে নামেন তিনি। নেইমারের পারফরমেন্সে খুশী ছিলেন দলের কোচ তিতে।
তিনি বলেছিলেন, ইনজুরি থেকে ফিরে এত তাড়াতাড়ি নিজেকে নেইমার মেলে ধরতে পারবে, সেটি আমাদের ধারণার মধ্যে ছিল না। এবারের আসরে ৫ ম্যাচে মাত্র ২ গোল করেন নেইমার। দলের মূল তারকার এমন পারফরমেন্সে কোচ খুশি হলেও, রোনালদোর মন ভরেনি।
তিনি বলেন, জানি না পায়ে অস্ত্রোপচার নাকি অন্য কোন কারণে পারফরমেন্স করতে পারল না সে। যে কারণেই হোক রাশিয়ায় সে নিজেকে আটকে রেখেছিল। যা নেইমারের সাথে যায় না। নেইমারের সমালোচনা করলেও, তাকে নিয়ে আশাবাদী রোনালদো। ভবিষ্যতে নেইমার জ্বলে উঠবেন এমন প্রত্যাশায় রোনালদো বলেন, তার বয়স অনেক কম। সামনে অফুরন্ত সময় পড়ে আছে। ভবিষ্যতে সে দলকে সাফল্য এনে দিতে পারবে।
রাশিয়া বিশ্বকাপে অভিনেতা হিসেবেও নিজেকে পরিচিত করেছেন ব্রাজিলের ফুটবলার নেইমার। প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে আটকাতে গেলেই মাটিতে পড়ে যাচ্ছেন তিনি। এমনটা বিশ্ব মিডিয়ায় ভাইরাল হয়।
তবে এ ব্যাপারে নেইমারের পাশে দাড়ালেন রোনালদো, পাঁচ বছর আগে নেইমারের সাথে আমার কথা হয়। তখন সে বলেছিল, ডিফেন্ডারদের সঙ্গে ধাক্কা লাগলে এ ভাবেই ডাইভ দেয় সে। এটাই তার স্বাভাবিক প্রতিক্রিয়া। মাঝে মাঝে কঠিন ট্যাকেল হয়। আমার নিজের ক্ষেত্রেও এ রকম অনেক হয়েছে। নেইমারের বেলাতেও এমন ঘটেছে দেখেছি আমি।
