
বুধবার বার্সেলোনাকে চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া নেইমার রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন।বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে নেইমারের আইনজীবী বার্সেলোনার অফিসে গিয়ে বাই আউট ক্লজের অর্থ পরিশোধ করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে কাতালান ক্লাবটি।
এর আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের আইনজীবীরা বাই আউট ক্লজের অর্থ দিতে গেলে তা ফিরিয়ে দেয় লা লিগা কর্তৃপক্ষ।লা লিগা কর্তৃপক্ষের মতে, নেইমারকে কিনতে গিয়ে উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম ভাঙছে পিএসজি। ফরাসি ক্লাবটি ‘ফিন্যান্সিয়াল ডোপিং’ করছে বলে সম্প্রতি অভিযোগ করেছিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।
এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, বৃহস্পতিবার বিকালে নেইমারের আইনজীবী ক্লাব অফিসে নিজে এসেছিলেন এবং বার্সেলোনা ও নেইমারের মধ্যের চুক্তি রহিত করার জন্য বাই আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করেন।
