
১৬ মার্চ বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ ররোমাঞ্চকর দিনেই বটে, সেই সাথে একটি শোকের দিন। এই দিনে যেই কয়টি ম্যাচ খেলেছে তার সবকয়েকটি ম্যাচেই জিতেছে বাংলদেশ।
তবে ১৬ ই মার্চেই বাংলাদেশের জেতার অন্য একটি কাহিনীও আছে। কেননা ১১ বছর আগে আজকের এইদিনে সড়ক দুর্ঘটনায় মারা যান সাবেক জাতীয় দলের স্পিনার মঞ্জুরুল ইসলাম রানা। আর তাই এই দিনেই শোক থেকে শক্তিতে পরিণীত করেন ক্রিকেটাররা। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাস দেখলেই বুঝা যায়।
রানা যেদিন মারা যায়, সেদিন হাজার মাইল দূরে বাংলাদেশ ক্রিকেট দল। তখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে চলছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর (ওয়ানডে বিশ্বকাপ)। সেই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন এ দুঃসংবাদ নাড়িয়ে দিয়েছিল টাইগারদের।
তবে থেমে থাকেনি টাইগাররা। সেই শোককে শক্তিতে পরিণত করেন মাশরাফিরা। রচনা করেন নতুন ইতিহাস। ১৭ মার্চ পোর্ট অব স্পেনে ভারত-বধ করেন তারা। সেবার বাংলাদেশের কাছে ৫ উইকেটে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় রাহুল দ্রাবিড়ের শক্তিশালী ভারত।
১৬ মার্চ মাঠে নামলেই জেতে বাংলাদেশ! দেশের কোটি ক্রিকেটপ্রেমীদের মনে এমন একটি বিশ্বাস শিকড় গেঁড়ে রয়েছে!
২০১২ সালে ঢাকায় এশিয়া কাপের কথা মনে আছে? ওই যে শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির দিনটি! ভারতের ২৯০ রান তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। এতে ম্লান হয়ে যায় টেন্ডুলকারের ঐতিহাসিক সেঞ্চুরি।
এর পর ঢাকায় ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে একই দিনে আফগানিস্তান ‘জুজুকে উড়িয়ে দেয় টাইগাররা।
প্রেমাদাসায় আজ মাঠে নামার আগে মানজারুল ইসলাম রানাকে নিশ্চয়ই মনে পড়বে তামিম-মুশফিকদের।
