দক্ষিন আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পরে দুই অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। তাই এই দুই জনকে আইপিএলের এবারের আসরে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিষিদ্ধ হওয়ায় এই দুই ক্রিকেটার খেলতে পারবেন না আইপিএলের এবারের আসর। অথচ এই দু’জনই রাজস্থান এবং হায়দ্রাবাদের টপ অর্ডারের অন্যতম ব্যাটিং ভরসা ছিলেন। তাই দুই দলই তাদের অভাব পূরণের জন্য উঠেপড়ে লেগেছে।

ভারতীয় গণমাধ্যম এবিপি’র প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে যে , হায়দ্রাবাদের বাঁহাতি ওপেনার ওয়ার্নারের পরিবর্তে নেয়া হতে পারে টাইগার ওপেনার তামিম ইকবালকে। তবে এই দৌড়ে তামিমের সঙ্গে আরও আছেন নিউজিল্যান্ডের হার্ডহিটার ওপেনার মার্টিন গাপটিল। সবশেষ আইপিএল আসরে গাপটিল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন। ১০ ম্যাচে ১৮৯ রান করা গাপটিলের পরিসংখ্যান অবশ্য তেমন ভালো না। অপরদিকে এবারের আইপিএলের নিলামে অবিক্রীত ছিলেন তামিম। তবে পাকিস্তান সুপার লিগ-পিএসএল এবং জাতীয় দলের হয়ে সাম্প্রতিক দারুণ ফর্ম তাকে এগিয়ে রাখছে। সবশেষ নিদাহাস ট্রফিতে ৩০.৮০ গড়ে ১৫৪ রান করেন তামিম।

এছাড়া স্পিন বলে তামিমের বিশেষ দক্ষতাও হায়দ্রাবাদের বিবেচনার অন্যতম কারণ। তাই ওয়ার্নারের জায়গা পূরণে তাকেই হয়তো ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে দলে ভেড়াবে হায়দ্রাবাদ।

তবে তামিম ইকবাল চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন। আগামী কিছুদিন তাকে থাকতে হবে মাঠের বাইরে। অন্তত চার সপ্তাহ তিনি মাঠে নামতে পারছেন না, তাই ভারতীয় গণমাধ্যম তামিমকে এগিয়ে রাখলেও ইনজুরির কারণে তার খেলাটা অনিশ্চিত। তাই হয়তো গাপটিলকেই দলে ভেড়াবে হায়দ্রাবাদ।