“সবসময় চেষ্টা করি ফিট থাকতে। তাহলে যতদিন সম্ভব ক্রিকেট খেলতে পারবো। আমার বাবা সবসময় বলে যে, তোমার জাতীয় দলে খেলতে হবে এমন কোনো কথা নেই। তুমি ৪০ বছর পর্যন্ত ক্রিকেট খেলবা।”

এভাবেই যমুনা টিভির কাছে নিজের পরিবারের অনুপ্রেরণার কথা জানাচ্ছিলেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। দলীয় পরিক্ষা নিরীক্ষায় সবচেয়ে বেশি বলিদানও দিতে হয় পরিশ্রমী এই ক্রিকেটারকে।জাতীয় দলে আসা যাওয়া করাটাকে রীতিমতো স্বভাবও বানিয়ে ফেলেছেন তিনি।

গতকাল হোম অফ ক্রিকেট থেকে জানাচ্ছিলেন নিজের ক্রিকেটীয় লক্ষ্যের কথাও। মিডিয়াকে জানান,“আমার পরিবার সবসময় আমাকে সমর্থন করে। এটা আমার জন্য বাড়তি প্রেরণা। আসলে অল্প সময়ে ক্যারিয়ার শেষ হলে দেখতে খারাপ দেখায়। তাই আমি চেষ্টা করি ফিট থাকতে যেনো ৪০ বছর পর্যন্ত খেলতে পারি।”

সাথে বলেন, “আমার ইচ্ছা আরো আট বছর ক্রিকেট খেলার। নিজের ক্যারিয়ার নিয়ে এখনো কিছুই করতে পারিনি। ইচ্ছা আছে দেশের জন্য ভালো কিছু করা। ক্যারিয়ার শেষে যেন ভালো কিছু নিয়ে ফিরে যেতে পারি।”একইদিনে নিজের আরো কিছু লক্ষ্যের কথাও জানিয়েছেন মিডিয়াকে।

সবটুকু হয়তো বলেননি। কিন্তু যা বলেছেন সেটা করে দেখাতে পারলে নিঃসন্দেহে এদেশের কোটি কোটি ক্রিকেতপ্রেমীর অন্তরে জায়গা করে নিতে পারবেন ইমরুল কায়েস।জানিয়েছেন, “কত রান করতে চাই সেটা এই মুহূর্তে বলতে চাইনা।

বাংলাদেশ ক্রিকেটের সেরা দশ ব্যাটসম্যানের মধ্যে মানুষ আমার নামটা মনে রাখলেই সেটা একটা বড় পাওয়া।”শেষে জানান, “এটা তো অবশ্যই একটা বড় পাওনা। টেস্ট ক্রিকেটে সবাই চায় ওই ম্যাজিকাল ফিগার ছুঁতে (ডাবল সেঞ্চুরি)। সেটা না ছুঁতে পারলে পরিপূর্ণতা আসে না। অপরিপূর্ণ থেকে যায়।”