বর্তমানে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ হয় আইপিএলের ছন্দে। এই আইপিএলকে মাথায় রেখেই সকল আন্তর্জাতিক দলের সিরিজের সূচি সাজায়। ফ্র্যাঞ্চাইজি এই লিগ এখন ক্রিকেটারদের টাকা কামানোর সবচেয়ে ভালো উপায়। সেই সুযোগটাই লুফে নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) । আইপিএল চলাকালীন সময় সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রাখতে চায় তারা।

এই পথে হাঁটা শুরুর এক সপ্তাহ আগেই আরও একবার অর্থের ঝাঁকুনি দিয়ে রাখে বিসিসিআিই। আগামী আসর থেকে আইপিএলের বেতন বাড়িয়ে ৯৬ মিলিয়ন ডলার (প্রায় ৭৯১ কোটি টাকা) করার প্রস্তাব দিয়েছে তারা। আগের তুলনায় ২০ ভাগ বেশি।

নিজ দেশের হয়ে যখন খেলা থাকলে আইপিএল চলার সময় খেলোয়াড়দের ছেড়ে দিতে হয়। এমন সমস্যার মধ্যে আর আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের যেন পড়তে না হয় সে কারণে এই টুর্নামেন্টের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ না দেওয়ার প্রস্তাব করেছে ভারতীয় বোর্ড। বেতনের বাড়ানোর টোপের পর বিসিসিআই বলছে, এপ্রিল ও মে’তে যাতে কোনও দ্বিপাক্ষিক সিরিজ না থাকে সেটাও দেখা হচ্ছে। তবে ২০১৯’র পর থেকে কার্যকর হবে।

ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদন জানাচ্ছে, ৭ ও ৮ ডিসেম্বর সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের দু’দিনের মিটিংয়ে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেখানে সব দেশের বোর্ডের পক্ষ থেকে ভবিষ্যত টুর্নামেন্ট নিয়ে পরিকল্পনার কথা জানানো হয়।

ভারতীয় ক্রিকেট বোর্ডও পরিবর্তিত ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) কথা জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, অন্যান্য বোর্ডকে বিসিসিআই’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে সব বোর্ড তাদের আইপিএল খেলা খেলোয়াড়দের ফ্রি রাখে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এখনও সবুজ সঙ্কেত দেয়নি। তবে ভারতীয় বোর্ডের বিশ্বাস খুব দ্রুত সেটা পাওয়া যাবে।