চলতি মাসের ১৮ তারিখ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা আসছে অস্ট্রেলিয়া। ২৪-২৮ আগস্ট মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট । শের-ই-বাংলা স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত না হওয়া টানা তিন দিন চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করল টাইগারা।

বুধবার থেকে নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে তিনদিনের অনুশীলন ম্যাচ খেলবেন মুশফিকরা। এরপর ঢাকায় এসে মিরপুরে অনুশীলনের শেষভাগ হবে।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, এখানে বেশি জোর দেওয়া হচ্ছে ব্যাটিং-বোলিংয়ে। এখন কিছু দিন বাকি আছে টেস্ট শুরু হতে। ফিল্ডিং হয়ত ঢাকা গিয়ে কয়েকদিন করা যাবে। আর শুরুতে আমরা ফিটনেস ট্রেনিং করেছি, যেটা ফিল্ডিংয়ে সহায়ক হবে। সবকিছু ঠিক পথেই এগোচ্ছে। আশা করি এর ফলাফল মাঠে দেখা যাবে।

জহুর আহমেদের চৌধুরী স্টেডিয়ামে দুটি উইকেটে রয়েছে সেখানেই ব্যাটিং-বোলিং অনুশীলন। উত্তর ও পশ্চিম পাশের দুটি নেটে হয়েছে ড্রিল ও মেশিন থেকে আসা বলে ব্যাটিং অনুশীলন। সকাল থেকে দুপুর, মাঠের চারটি নেট থেকে ভেসে এসেছে ব্যাট-বলের ঠকঠক আওয়াজে। বোলাররাও পেয়েছেন ব্যাটিং অনুশীলন করার সুযোগ। সব ছাপিয়ে মুশফিক বড় করে দেখছেন সেন্টার উইকেটে অনুশীলনের সুযোগকেই।

মুশফিক আরো বলেন, যে মাঠে টেস্ট খেলব, সে মাঠের সেন্টার উইকেটে অনুশীলন করা অনেক বড় সুযোগ আমাদের টিমের জন্য। ঢাকায় সারাদিন এভাবে অনুশীলনের সুযোগ হয় না আমাদের। আর আমরা ঢাকায় সাইড উইকেটে নেট করেছি, এখানে সেন্টার উইকেটে। যে উইকেটে টেস্ট খেলব, সেই উইকেটেই হয়ত অনুশীলন ম্যাচ খেলা হবে। এটাও আমাদের জন্য বড় একটা সুযোগ। চট্রগ্রামের গরমটা ঢাকার চেয়ে একটু আলাদা, সেটায় সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপার আছে। তাছাড়া এক জায়গায় অনুশীলন করলে একঘেয়েমি কাজ করে। এখন তাই একটু চাঙ্গা থাকা যাবে। ’

মিরপুর ও চট্টগ্রামের উইকেটের চরিত্র কিছুটা ভিন্ন। সারাবছর মিরপুরেই অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু প্রতিটি সিরিজেই চট্টগ্রামে কোনও না কোনও ম্যাচ থাকে। কখন কখন ঘরের মাঠ অপরিচিত হয়ে ওঠে ক্রিকেটারদের কাছে। যে বিষয়টি এবার কাটানো যাবে বলেই মনে করছেন মুশফিক।

বাংলাদেশ টেস্ট দলের কেপ্টেন বলেন, দুই মাঠের মাটিও আলাদা। অনুশীলন করায় আমাদের স্পিনারা জানতে পারবে কোন লেংথে বল করতে হবে। চট্টগ্রামে তো আমরা কমই খেলি। ঘরের মাটিতে যখন কোন সিরিজ খেলা হলে সাধারণত মিরপুরেই অনুশীলন করি। এই তিনদিনের অনুশীলনে আমি অনেক খুশি। যে প্রস্তুতি ম্যাচটা আছে, আশা করি সবাই অনেক গুরুত্ব দিয়ে খেলবে। টেস্ট দল কেমন হবে এই ম্যাচ দিয়েই হয়ত সেটার একটা ধারণা পাব।