
রবিবার রাতে লিগ ওয়ানে মার্সেইয়ের মাঠে ২-২ ড্র ম্যাচের শুরুর দিকে এগিয়ে যায় স্বাগতিকরা। এর পর ম্যাচের সমতায় ফেরান নেইমার। তবে পরে আবার পিছিয়ে যায় পিএসজি। এত পর ৮৭তম মিনিটে লালকার্ড দেখতে হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে । তবে এদিনসন কাভানির যোগ করা সময়ের গোলে লিগে অপরাজিতই থাকে এমেরির দল।
প্রতিপক্ষের খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদেরও লক্ষ্যবস্তু ছিলেন নেইমার। বল পেলেই তাকে নানা ভাবে বাধা দিয়েছে মার্সেই সমর্থকরা। দ্বিতীয়ার্ধে কর্নার নিতে গেলে তাকে লক্ষ্য করে কয়েকটি বোতল ছুড়ে মারে গ্যালারি থেকে। ভেরাত্তি জানান, তার সতীর্থ অনেক্ষণ ধরে নিজেকে সামলাতে বেশ ভালো চেষ্টা করেছে। “আমি যদি নেইমারের জায়গায় থাকতাম তাহলে তার ১৫-২০ মিনিট আগেই মেজাজ হারাতাম।”
পুরো ম্যাচে অন্য সব খেলোয়াড়ের চেয়ে সবচেয়ে বেশি মোট পাঁচবার ফাউলের শিকার হন নেইমার। তিন মিনিটের ব্যবধানে দ্বিতীয় হলুদকার্ড পাওয়ার সময়ও দুইবার ফাউলের শিকার হন বার্সেলোনার এই সাবেক তারকা। মেজাজ হারিয়ে লুকাস ওকাম্পোসকে ধাক্কা মেরে মাঠ ছাড়তে হয় নেইমারকে।
ম্যাচ শেষে পিএসজির কোচ উনাই এমেরি নেইমারসহ তারকা খেলোয়াড়দের রক্ষার দাবি তোলেন। কোচের কণ্ঠে কণ্ঠ মেলালেন ভেরাত্তিও।
“কিছু খেলোয়াড়কে রক্ষা করা দরকার। আমি যখন বার্সেলোনার বিপক্ষে খেলি তখন লিওনেল মেসিকে দ্বিতীয়বার ফাউল করলে আমি একটা হলুদ কার্ড পাই। ইউরোপে এটা এভাবেই হয়।”
“আপনি পুরো একটা ম্যাচ থেকে এরকম খেলোয়াড়দের ছিটকে দিতে পারেন না। আমি ঠিক তার পাশেই ছিলাম।…এমনকি সে তাকে স্পর্শই করেনি। রেফারি দুই মিটার দূরে ছিলেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যে সে ওকাম্পোসকে ফাউল করেছে। তার এই সিদ্ধান্ত আমি বুঝতে পারছি না”
লিগে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত পিএসজি। মোনাকো ২২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
