
২০ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ২১ ফেব্রুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটে চ্যাম্পিয়নস লিগের সেরা-১৬ এর প্রথম লেগের খেলায় ইংলিশ ক্লাব চেলসির প্রতিপক্ষ হচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পরের ম্যাচ ১৪ মার্চ বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে প্রতিযোগিতার দ্বিতীয় লেগে মাঠে নামবে দুই ক্লাব।
বার্সোলনার বিপক্ষের এই ম্যাচকে গিরে বেশ উচ্ছ্বসিত চেলসির খেলোয়াড়রা। ইতিমধ্যে ম্যাচ নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনাও নিয়েছে চেলসি।
তবে তারা যে পরিকল্পনাই করুক না কেন, তাদের থেকে একটু আলাদা পরিকল্পনা চেলসির ইংলিশ তারকা মিডফিল্ডার ড্যানি ড্রিংকওয়াটারের। ২০ ফেব্রুয়ারির মেসির মুখোমুখি হলে মেসির কাছে কী চাইবেন তা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
যুক্তরাজ্যের ‘ডেইলি মিরর’কে দেয়া সাক্ষাতকারে ড্যানি ড্রিংকওয়াটার বলেন, আমি ন্যূ ক্যাম্পের এই ম্যাচটি নিয়ে খুবই উচ্ছ্বসিত। যদিও এর আগেও আমি মেসির প্রতিপক্ষ হয়ে খেলেছি, তবে ন্যূ ক্যাম্পে তার বিপক্ষে এটি আমার প্রথম ম্যাচ। এটি হবে আমার জন্য অন্যন রকম এক অভিজ্ঞতা।
ড্রিংকওয়াটার আরো বলেন, ২০ ফেব্রুয়ারির পর ১৪ মার্চ আমাদের আরও একটি খেলা আছে বার্সেলোনার বিপক্ষে। তবে আমি দ্বিতীয় ম্যাচটির জন্য অপেক্ষা করব না। প্রথম ম্যাচেই মেসির সঙ্গে দেখা হলে আমি তার টি-শার্ট (জার্সি) চেয়ে নিবো।
মেসির জার্সির প্রতি আগ্রহ বেশি কেনো? এই প্রশ্নে তিনি বললেন, আপনি আসলে বুঝতে পারবেন না যে সে কী করছে? সে বল নিয়ে খুবই দ্রুত দৌঁড়াতে পারে এবং তীক্ষ্ণ গতির মধ্যেই চলার পথ পরিবর্তন করতে পারে। এ রকম কোনও খেলোয়াড় আমি আগে দেখিনি। দ্রুত পথ পরিবর্তন করতে পারে এ রকম আরও অনেককেই দেখেছি, কিন্তু মেসি অন্য পর্যায়ের।
